ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইএলসির সহসভাপতি বাংলাদেশ

আইএলসির সহসভাপতি বাংলাদেশ
×

 কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:১৩ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ০৮:৪৭

| প্রিন্ট সংস্করণ

জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সহসভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান এ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্মেলনের সভাপতি উরুগুয়ের শ্রম ও সামাজিক সুরক্ষাবিষয়ক মন্ত্রী জুয়ান কাস্টিলো এবং অন্য দুই সহসভাপতি যুক্তরাষ্ট্রের ক্রিস্টেন কফম্যান ও আর্জেন্টিনার জেরার্দো মার্তিনেজের পাশাপাশি তিনি এ দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএলওর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় আন্তর্জাতিক শ্রম সম্মেলন সর্বোচ্চ ফোরাম হিসেবে বিবেচিত হয়। একে বিশ্বের শ্রম সংসদ হিসেবেও অভিহিত করা হয়। সম্মেলনের সহসভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার ও কর্মসংস্থান-সংক্রান্ত বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আইএলওর সদস্য রাষ্ট্রগুলো এবং অংশীজনের মধ্যে নীতিগত ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করবে।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকার, শ্রমিক ও মালিক সংগঠনের প্রতিনিধিরা এ সম্মেলনে শ্রম খাতের ভবিষ্যৎ নির্ধারণী গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা করে থাকেন। 
জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন জানিয়েছে, সহসভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ কূটনৈতিক ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। 

আরও পড়ুন

×