সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসা ব্যয়ের ৮০% বহন করবে বেসরকারি হাসপাতাল
মো. সাখাওয়াত হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:১৪ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ০৮:৪৯
| প্রিন্ট সংস্করণ
ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ বহন করবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। সরকারি হাসপাতালে এই চিকিৎসা ও সংশ্লিষ্ট সেবা দেওয়া হবে বিনামূল্যে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, চিকিৎসকের ফিও মওকুফ করা হয়েছে। রোগীদের ওষুধ, খাদ্যসহ অবশিষ্ট ২০ শতাংশ ব্যয় বহন করতে হবে। বেসরকারি হাসপাতালগুলোকে মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীর জন্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডেঙ্গুর সম্ভাব্য বিস্তার মোকাবিলায় বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগীর চাপ সামাল দিতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কোনো বাড়ির ছাদ, আঙিনা বা আশপাশে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লার্ভা ধ্বংসে বিশেষ ওষুধ ব্যবহার করা হবে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম শুরু হবে।
টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ব্যবহৃত টিকাগুলো এখনও শতভাগ স্বীকৃত ও সর্বজনীন নয়। এই কারণে আপাতত এটি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ। কাজেই সফল হতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে।’
- বিষয় :
- ডেঙ্গু
