স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:৩১
| প্রিন্ট সংস্করণ
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা। গতকাল মঙ্গলবার সংসদের স্পিকারের কার্যালয়ে আলাদা এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অগ্রযাত্রা সূচিত হয়। সাক্ষাৎকালে তারা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচার করা অর্থ উদ্ধারে মার্কিন সরকারের সহায়তা এবং চলমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশে তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে প্রতিনিধি দল মতবিনিময় করেন। এ সময় স্পিকার রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রস্তাব করেন।
সাক্ষাতে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সঙ্গে স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। স্পেন সরকার বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সাক্ষাতে তারা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন, এলএনজি এবং জ্বালানি সংকট নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল।
- বিষয় :
- সাক্ষাৎকার
