৬ নবজাতকের মৃত্যু
অবহেলার দায়ে কেউ ছাড় পাবে না: স্বাস্থ্যমন্ত্রী
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৩:২৫
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে অনেক সময় আসামিপক্ষ সুবিধা নেওয়ার সুযোগ পায়। তবে এই ঘটনায় সেই সুযোগ থাকবে না।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনকে ঘিরে কোনো পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তবে এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং বিচারিক প্রক্রিয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। তাঁর ভাষ্য, বাস্তবতা হলো, ছয় নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এই মামলায় তারা কোনো সুবিধা পাবে না, এই অপরাধে কোনো ছাড়ও পাবে না।
গত ২৭ মে, ঈদুল আজহার আগের দিন রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল-এ হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। ঘটনার পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। আজ তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
উপজেলা হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৪৯২টি উপজেলায় ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ ও কুমিল্লা বিভাগ এই পাঁচ বিভাগে পাঁচটি করে শিশু হাসপাতাল স্থাপন করা হবে। প্রতিটি হাসপাতালে একটি করে আইসিইউ ইউনিট থাকবে।
এ ছাড়া প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জন্য একটি নতুন মেডিকেল ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
নারীদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, চীন ও বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য এক হাজার শয্যাবিশিষ্ট পাঁচটি হাসপাতাল নির্মাণ করা হবে।
তিনি বলেন, “দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্যসেবা সহজ ও মানুষের নাগালে আনতে সরকার কাজ করছে।”
ঘরে ঘরে চিকিৎসাসেবা পরীক্ষামূলকভাবে চালু
মন্ত্রী জানান, দেশের ৬ থেকে ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার কর্মসূচি শুরু হবে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই এ সেবার আওতায় আসবেন। পাইলট প্রকল্প সফল হলে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।
ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি
ডেঙ্গুর বিভিন্ন ধরন বা ভ্যারিয়েন্ট বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকার কাজ করছে।
ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি হাসপাতালে মোট শয্যার অন্তত ১০ শতাংশ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বিভিন্ন চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।
- বিষয় :
- স্বাস্থ্যমন্ত্রী
