ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি নাগরিক সমাজের

সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি নাগরিক সমাজের
×

জাতীয় অধিপরামর্শ সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৫:০৮

বাংলাদেশে দারিদ্র্য, বৈষম্য ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অধিকারভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে তাঁরা সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ এবং ভবিষ্যতে ধাপে ধাপে জিডিপির ৪ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছেন।

শনিবার রাজধানীর এনজিও ফোরাম মিলনায়তনে এসডিজি অ্যাকশন জোট ও জিক্যাপের যৌথ উদ্যোগে আয়োজিত এক জাতীয় অধিপরামর্শ সভায় এ দাবি জানানো হয়। সভায় ‘সবার জন্য সামাজিক সুরক্ষা’ শীর্ষক একটি খসড়া অবস্থানপত্র উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, সরকারের ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ থাকলেও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৮৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার গড়ের চেয়েও কম। আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে সামাজিক কল্যাণমূলক ব্যয় বৃদ্ধি এবং এ খাতে কৌশলগত বিনিয়োগের আহ্বান জানান তাঁরা।

সভায় বক্তারা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতার পরিমাণ বাড়ানো, দুস্থ নারী, বিধবা, বয়স্ক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, আদিবাসী ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জীবনচক্রভিত্তিক সর্বজনীন সুরক্ষা নিশ্চিত করা এবং জলবায়ু-সহনশীল নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়কে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ও এর কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং নারী কৃষিশ্রমিকদের অধিকার রক্ষার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিশ্রুতি যেন আসন্ন বাজেটে প্রতিফলিত হয় এবং কোনো নাগরিক যেন সুরক্ষার বাইরে না থাকে।

এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্ব ও সঞ্চালনায় সভায় অবস্থানপত্র উপস্থাপন করা হয়। আলোচনায় অংশ নেন ডা. দিবালোক সিংহ, দেলওয়ার হোসাইন, বদরুল আলম, আসমা আক্তার মুক্তা ও নাজের চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাহা নবকুমার, শাহ আবদুস সালাম এবং নুরুল আলম মাসুদ।
সভায় বক্তারা এসডিজি অ্যাকশন অ্যালায়েন্সকে জাতীয় ও তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের পক্ষে আরও জোরালো অধিপরামর্শমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

আরও পড়ুন

×