ঢাকায় দুই দিনের ডেনিম প্রদর্শনী শুরু বুধবার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৭:২১
| প্রিন্ট সংস্করণ
ঢাকায় ডেনিম পোশাকের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী বুধবার। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠেয় প্রদর্শনীতে ডেনিম উৎপাদন ও রপ্তানিকারক প্রথম সারির প্রায় সব দেশ অংশ নিচ্ছে। আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘সম্মুখ সারি থেকে ভবিষ্যতের পথে’।
বাংলাদেশ ডেনিম এক্সপো এ প্রদর্শনীর আয়োজন করছে। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম, জাপানসহ ১১টি দেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
প্রদর্শনী উপলক্ষে ডেনিম পণ্য ও তৈরি পোশাক খাতের আগামীর চ্যালেঞ্জ ও সমাধানের উপায়বিষয়ক ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক শিল্পে ন্যায়সংগত রূপান্তর, পণ্য বৈচিত্র্য, সবুজ ও দায়িত্বশীল বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হবে। জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারক, ব্র্যান্ড-ক্রেতা, শিল্প ও বাণিজ্য প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেবেন।
- বিষয় :
- প্রদর্শনী
