ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী

যুদ্ধের প্রভাবে অতিরিক্ত ভর্তুকি সাড়ে ৪২ হাজার কোটি টাকা

যুদ্ধের প্রভাবে অতিরিক্ত ভর্তুকি সাড়ে ৪২ হাজার কোটি টাকা
×

আমির খসরু মাহমুদ

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৭:৫৬ | আপডেট: ১০ জুন ২০২৬ | ০৮:৫৩

| প্রিন্ট সংস্করণ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরানসহ মধ্যপ্রাচ্যে সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত শুধু এ চার খাতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজনের পরিমাণ প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা। মঙ্গলবার সংসদের বৈঠকে ঢাকা-১৮ আসনের বিএনপির সংসদ সদস্য এস, এম, জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আমির খসরু জানান, চার খাতের মধ্যে তেলে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি, গ্যাসে ১১ হাজার ১৭০ কোটি, বিদ্যুতে ১৯ হাজার ৮২১ কোটি এবং সারে প্রায় ১ হাজার ৩৫০ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হতে পারে। তা সত্ত্বেও সরকার জনসাধারণ, কৃষি ও উৎপাদন খাতকে সুরক্ষা দিতে নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনীতির জন্য তাৎক্ষণিক ও সম্ভাব্য উভয় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। এখন পর্যন্ত এ প্রভাব প্রধানত জ্বালানি, সার, আমদানি ব্যয়, পরিবহন ব্যয়, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, প্রবাসী আয় এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি দৃশ্যমান। তবে খাতভিত্তিক প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ভরযোগ্যভাবে নিরূপণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার তথ্য সমন্বয় করা প্রয়োজন। 

ব্যাংকিং খাতে বড় সংস্কার
কক্সবাজার-৩ আসনের লুৎফর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার একটি সুসংগঠিত রেজল্যুশন কাঠামো গড়ে তুলেছে। তিনি জানান, ‘ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬’-এর আওতায় পাঁচটি সমস্যাপীড়িত ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে ‘আমানত সুরক্ষা আইন-২০২৬’-এর মাধ্যমে সুরক্ষিত আমানতের সীমা এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। 

আরও পড়ুন

×