হেফাজতের সমাবেশে ‘হত্যার’ অভিযোগে মামলা
একাত্তর টিভির সম্প্রচার লাইসেন্সসহ নথিপত্র চেয়েছে তদন্ত সংস্থা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ২৩:১১ | আপডেট: ১০ জুন ২০২৬ | ২৩:১৬
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যার’ অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তর টিভির সম্প্রচার লাইসেন্সসহ আনুষঙ্গিক নথিপত্র চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্তের স্বার্থে নথি চাওয়ার বিষয়টি উল্লেখ করে গত সোমবার রাজধানীর বারিধারায় একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চিঠি পাঠানো হয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক এমডি মোজাম্মেল হক বাবু ও একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাসহ ৩০ জন এ মামলার আসামি। গত সোমবার এ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়।
