নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৯:৩৬ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১১:০৮
| প্রিন্ট সংস্করণ
দেশে গত বুধবার থেকে চার জেলায় অন্তত চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নোয়াখালীর সেনবাগে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
নিহত আরাফাত বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার মো. শাহজাহানের ছেলে। সে স্থানীয় পৌর হাজীপুর মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার বলেন, মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূলহোতা মো. হারুনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হারুন একই গ্রামের জোড়া বাড়ির জয়নাল আবেদীনের ছেলে। গতকাল বৃহস্পতিবার নিহত শিক্ষার্থীর মা পারভীন আক্তার বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে সেনবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত কিশোরের মামাতো ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন নোবেল জানান, গ্রামের হাজেরা দিঘির পেছনের একটি পুলের ওপর মাদক ব্যবসা ও সেবন চলত। স্থানীয় কয়েক তরুণ এলাকায় পাহারা বসানোয় কয়েক দিন মাদকের আড্ডা বন্ধ ছিল। বুধবার রাতে আরাফাতসহ কয়েকজনের সঙ্গে মাদকসেবীদের সংঘর্ষ বাধে। আরাফাত গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে আরাফাত মারা যায়।
যশোরে স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে স্বামীকে হত্যা
যশোরের চৌগাছায় স্ত্রীকে বেঁধে রেখে জুয়েল আহমেদ রানা (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার ওয়াদুদ খন্দকারের ছেলে এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, রাজনৈতিক বিরোধের জেরে সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইউপি সদস্য নজরুল ইসলামের ছেলে বাবু ও সুমন ইউসুফ, একই গ্রামর কাশেমসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করেন, হামলাকারীরা তাঁকে (স্ত্রীকে) একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তাঁর স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন, জড়িতদের আটকে অভিযান চলছে।
কুমিল্লায় সিএনজিচালক যুবককে হত্যা
কুমিল্লার চৌদ্দগ্রামে হৃদয় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে।। পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্যার ছেলে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিহত হৃদয়ের বন্ধু শাকতলা গ্রামের আল-আমিন হোসেন রাকিবের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি ওই নারী ঘোষতল গ্রামের তাহমিদ আহমেদ খন্দকার প্রান্তের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান। এতে করে রাকিব ও প্রান্ত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রাকিব বিষয়টি নিহত হৃদয়সহ অপর বন্ধুদের জানান এবং প্রান্তকে শায়েস্তা করার পরিকল্পনা করেন।
পুলিশ জানায়, বুধবার রাতে তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত ও তাঁর বন্ধু রিয়াজ ধোড়করা বাজারে গেলে রাকিবের নেতৃত্বে তাদের মারধর করা হয়। পরবর্তী সময় প্রান্ত ও তাঁর সঙ্গীরা হৃদয়কে বাজারে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় নারীর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সকালে কুলসুম আক্তার (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে কুলসুমকে হত্যা করা হয়েছে।
কুলসুম বেগম বেড়তলা গ্রামের দুধু মিয়ার ছেলে আক্তার হোসেনের স্ত্রী। তাঁর স্বামী আক্তার হোসেন বাহরাইনপ্রবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে কুলসুমের শ্বশুর তাঁকে ঘরে মৃত অবস্থায় পান।
সরাইল থানার এএসআই মো. তানবীর ভূঁইয়া বলেন, লাশের গলা ও কানের নিচে কালচে দাগ পাওয়া গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত হত্যা বা আত্মহত্যা কোনোটাই নিশ্চিত বলা যাবে না। আমরা তদন্ত করছি।
- বিষয় :
- হত্যা
