ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনায় ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনায় ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
×

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৫:২০ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ১৬:১১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক’ আচরণের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি আরও জানান, এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাব।

পররাষ্ট্রমন্ত্রীর পর মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের বিষয়ে পুরো ঘটনা জেনে যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে, সে অনুযায়ী পদক্ষেপ নেব। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।

এর আগে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সেখানে বিমানবন্দর কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের কারণে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলো সমকালকে এ তথ্য নিশ্চিত করে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন উপদেষ্টা। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকে উপদেষ্টার অংশ নেওয়ার বিষয়টি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।

আরও পড়ুন

×