ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সেনাবাহিনীকে প্রশিক্ষিত ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের

সেনাবাহিনীকে প্রশিক্ষিত ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের
×

ওয়াকার-উজ-জামান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৯:০৭

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। প্রধান অতিথি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 
৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম সেরা চৌকস ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ ও সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। পাশাপাশি এ একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ বিদেশি ক্যাডেট হিসেবে ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ অর্জন করেন তানজানিয়ার সার্জেন্ট আবু বকর। 
এছাড়া সেনাপ্রধান বিএমএতে নবনির্মিত সিএমএইচ, ভাটিয়ারি, বিএমএ পার্ক, বিএমএ সুইমিংপুল এবং এমইএস অফিস কমপ্লেক্স প্রকল্পগুলোর উদ্বোধন করেন। 

আরও পড়ুন

×