মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ প্রার্থী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০২:০৫
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে প্রক্সি পরীক্ষার অভিযোগে চার প্রার্থী আটক হয়েছেন। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৯ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। তাদের মৌখিক পরীক্ষা ২৪, ২৫ ও ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাকালে চার প্রার্থীর পারফরম্যান্স লিখিত পরীক্ষার ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে হলে বোর্ডের সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্রে থাকা হাতের লেখার সঙ্গে বর্তমান স্বাক্ষর ও লেখার নমুনা মিলিয়ে দেখা হয়।
এ সময় চার প্রার্থীর হাতের লেখায় অমিল পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, লিখিত পরীক্ষায় নিজেরা অংশ নেননি। অন্য ব্যক্তির মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থী বসিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আটক চারজন হলেন– মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, রোমান এবং মামুন মিয়া। পরে তাদের লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
