জুনে মব সহিংসতা-গণপিটুনিতে নিহত ৩১, শিশু নির্যাতন ২৯১
এইচআরএসএসের প্রতিবেদন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৯:১৮ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ১১:২১
| প্রিন্ট সংস্করণ
সারাদেশে গত জুন মাসে মব সহিংসতা ও গণপিটুনিতে ৩১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। এ ছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই, বাগ্বিতণ্ডা, ধর্মীয় অবমাননাসহ আসামিকে ছিনতাই ও মব সহিংসতার জেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬৬ সদস্য হামলার শিকার ও আহত হয়েছেন।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পাশাপাশি রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে নিহত হয়েছেন ৯ জন। বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন ৩৪৬ জন। প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে গত জুন মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অন্যদিকে ওই মাসে ২৯১ শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৫৪ শিশু প্রাণ হারিয়েছে। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে ২৩৭ শিশু।
নারী ও শিশু নির্যাতন
প্রতিবেদনে জানানো হয়, জুন মাসে ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১০৬ জন ধর্ষণের ও ১৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর দুই মেয়েশিশুকে হত্যা করা হয়েছে। ৯৪ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
অন্যদিকে মোট ২৯১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৫৪ জন প্রাণ হারিয়েছে। পারিবারিক সহিংসতার শিকার হয়ে ৫৭ জন নারী নিহত, ৪৮ জন আহত এবং ৩৬ জন আত্মহত্যা করেছেন।
বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু জুন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও অভিযানে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন কথিত বন্দুকযুদ্ধে এবং একজন ডিবি হেফাজতে নির্যাতনে মারা গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে গ্রেপ্তার এড়াতে গিয়ে মৃত্যু হয়েছে আরও চারজনের।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১২টি হামলার ঘটনায় সাতজন আহত হয়েছেন। ১২টি মন্দির, ১১টি প্রতিমা ও ৭টি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
৫৫টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ১১ জন নিহত ও ১৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া কর্মক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ ও সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ৩৯ জন শ্রমিক মারা গেছেন।
সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম সমকালকে বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জননিরাপত্তার অভাব দেশের মানবাধিকার পরিস্থিতিকে চরম ঝুঁকিতে ফেলেছে।
- বিষয় :
- নিহত
