ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সেনা মহড়া পরিদর্শন

সৈনিকদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

সৈনিকদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী
×

মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া গতকাল মঙ্গলবার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন প্রশিক্ষণে মাঠ পর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান পিআইডি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৮:০৫ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার তিনি নবম পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে খাবার খান ও চা পান করেন।

দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীর উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, গতকাল সকাল ৯টা ২০ মিনিটে সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন।

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম এবং কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন।

এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের সঙ্গে খাবার খান এবং চা পান করেন-	পিআইডি

এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরে সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষার্থীদের মতবিনিময়
প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে এই মতবিনিময় হয়। 
মতবিনিময়কালে গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।
এদিকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। অধিবেশনের বিরতিতে এ সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌল্লা এসব তথ্য জানান।

আরও পড়ুন

×