ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফাকে চিঠি মিসরের, তদন্তের দাবি

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফাকে চিঠি মিসরের, তদন্তের দাবি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৯:২৮ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ০৯:৪১

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের ক্ষোভ এখনো কাটিয়ে উঠতে পারেনি মিসর। মাঠের লড়াই শেষ হলেও এবার শুরু হয়েছে মাঠের বাইরের লড়াই। ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ম্যাচ পরিচালনা নিয়ে তদন্তেরও দাবি জানিয়েছে তারা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো চিঠিতে রেফারির একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন।

ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে মিসর শিবির। প্রধান কোচ হোসাম হাসান সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, ম্যাচে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। এবার একই অভিযোগ তুলে ফিফার কাছে লিখিত আবেদন করেছেন হানি আবু রিদা। তার দাবি, ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার রেফারিং দলকে ২০২৬ বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব না দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।

আবু রিদার ভাষায়, ‘রেফারির একের পর এক ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এমন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত চাই।’

ফিফার কাছে পাঠানো অভিযোগপত্রে মিসর দুটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছে। প্রথমটি, ৬২তম মিনিটে বাতিল হওয়া গোল। ভিএআর পর্যালোচনার পর লিসান্দ্রো মার্তিনেজকে ফাউলের অভিযোগে মোস্তফা জিকোর গোল বাতিল করা হয়। মিসরের দাবি, সেখানে ফাউল ছিল না।

দ্বিতীয়টি, ইনজুরি টাইমে আর্জেন্টিনার জয়সূচক গোল। মিসরের অভিযোগ, এনজো ফার্নান্দেজের গোলের আগে তাদের এক খেলোয়াড়কে ফাউল করা হলেও রেফারি খেলা চালিয়ে যেতে দেন। এমনকি ঘটনাটি ভিএআরে পর্যালোচনারও প্রয়োজন মনে করা হয়নি।

মিসরের দাবি, একই ধরনের দুই ঘটনায় দুই রকম সিদ্ধান্ত নেওয়ায় ম্যাচের ফলাফলে প্রভাব পড়েছে। এখন পর্যন্ত মিসরের অভিযোগের বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন

×