গোলের ভাষায় বেলজিয়ামের প্রতিবাদ
সেকান্দার আলী
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৯:৫৩
ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি পিছিয়ে দেওয়ার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন করার মুহূর্ত থেকেই ফিফার নৈতিকতার সুতায় টান পড়ে। সংস্থাটির নীতিশাস্ত্র কলঙ্কিত হয় বেলজিয়ামের আপত্তি অগ্রাহ্য করায়। ফিফার দ্বার থেকে প্রত্যাখ্যাত বেলজিয়ামের খেলোয়াড়রা শপথ নেন প্রতিশোধের– ‘হোক প্রতিবাদ, আসুক বাধা, আওয়াজ উঠুক জোরে।’ গতকাল মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে চার্লস ডি কেটেলারেরা আওয়াজ তোলেন গোলের ভাষায়। তারা শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় টানা তৃতীয়বার।
তিন দেশে ৪৮ দলের খেলার কারণেই এই বিশ্বকাপটি স্মরণীয় করে রাখার সুযোগ ছিল। সেটা হতে দেয়নি যুক্তরাষ্ট্র ফুটবলের স্প্রিটের বিরুদ্ধে অবস্থান নিয়ে। বিশ্বকাপ থেকে তাড়াতে নীতিবিরুদ্ধ আচরণ করেছে ইরানের খেলোয়াড়দের সঙ্গে। ভিসা জটিলতায় ভুগতে হয়েছে বেশ কিছু দেশকে। শেষের কলঙ্ক হচ্ছে অনুরোধের নামে ফিফার ওপর ট্রাম্পের হস্তক্ষেপ। বেলজিয়ামের খেলোয়াড়রা তারই জবাব দেন যুক্তরাষ্ট্রের মাঠে তাদের দলকে হারিয়ে। মিডফিল্ডার রাস্কিনের মতে, ‘গত (তিন) দুই দিনে মাঠের বাইরে অনেক কিছুই ঘটেছে। দলের মধ্যে একটা অবিচারের অনুভূতি ছিল, আমরা মাঠে তার জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’ তাদের অধিনায়ক ইউরি টালেমানস জানান, ট্রাম্পের হস্তক্ষেপের ঘটনা দলকে উজ্জীবিত করেছে, ‘আমরা একতাবদ্ধ হয়েছিলাম মাঠে জবাব দেওয়ার জন্য। সেটাই করেছি।’
ম্যাচের নবম মিনিটে গোল পায় বেলজিয়াম। নিকোলাস রাসকিনের পাস থেকে গোল করেন চার্লস ডি কেটেলারে। ফ্রিকিক থেকে ৩১ মিনিটের গোলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। দুই মিনিটের ব্যবধানে পিছিয়েও পড়ে তারা। লিয়ান্দ্রো ত্রোসারের ক্রস থেকে নিশানা ভেদে ৩৩ মিনিটে গোল দ্বিগুণ করেন কেটেলারে। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে। ৫৭ মিনিটে মারাত্মক ভুল করেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিস। বক্সের বাইরে বল ক্লিয়ার করতে গেলে গড়বড় করেন। তাঁর পা থেকে বল কেড়ে নিয়ে কেটেলারে পাস দেন সতীর্থ ফানাকানকে। ৩৫ গজ দূর থেকে গোলপোস্টে শট নেন তিনি। শেষ গোলটি করেন রোমেলু লুকাকু ৯৩ মিনিটে। বেলজিয়ামের খেলোয়াড়রা শেষ গোলটি উদযাপন করেন ট্রাম্পের নাচের স্টাইল অনুকরণে। ট্রাম্পকে খোঁচা দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টও করে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। ক্যাপশনে লেখে ‘গোলটি বাতিল করে দেখাও।’
শেষ ৩২-এ সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বেলজিয়াম উন্নীত হয় শেষ ষোলোয়। সে ম্যাচে দারুণ ফুটবল খেলেছিল উভয় দল। সেখানে শেষ ষোলোর ম্যাচটি একপেশে করে ফেলেছিল বেলজিয়াম। তাদের গোলরক্ষক থিবো কর্তুয়া বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি সাম্প্রতিক দিনগুলোতে আমাদের প্রতি শ্রদ্ধার অভাব ছিল। অনেকেই বলেছিল যে যুক্তরাষ্ট্র আমাদের সহজেই হারিয়ে দেবে, আমরা আর আগের মতো দল নেই। আজ দেখিয়েছি আমরা এখনও একটি ভালো দল।’ বেলজিয়ামের খেলোয়াড়রা এত কিছুর পর বলতেই পারেন, হোক প্রতিবাদ খেলার মাঠে।
- বিষয় :
- বেলজিয়াম
- যুক্তরাষ্ট্র
- ফুটবল বিশ্বকাপ-২০২৬