ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বৃহস্পতিবার শুরু ঢাকাসহ ১২৮ স্থানের রথযাত্রা

বৃহস্পতিবার শুরু ঢাকাসহ ১২৮ স্থানের রথযাত্রা
×

রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২০:২৮

রাজধানী ঢাকাসহ দেশের ১২৮টি স্থানে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। রাজধানীর স্বামীবাগ আশ্রমে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ মহোৎসবের সমাপ্তি ঘটবে। 

সোমবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী।

তিনি জানান, ১৬ জুলাই সকাল ৮টায় বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হবে। পরে দুপুরের পর স্বামীবাগ আশ্রম থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় অতিক্রম করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওড়িশার পুরীর রথযাত্রার পর ঢাকায় ইসকনের এ আয়োজন বৈশ্বিক পরিমণ্ডলে অন্যতম বৃহৎ রথযাত্রা হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও উৎসবটি আয়োজন করা হচ্ছে।

ইসকন বাংলাদেশ জানায়, জগন্নাথদেবের রথযাত্রার মূল বার্তা সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও বৈষম্যহীন সমাজ গঠন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে এ উৎসব সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে সংগঠনটির বিশ্বাস।

উৎসব উপলক্ষে নিরাপত্তার বিষয়ে আয়োজকরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সভাপতি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ, কোষাধ্যক্ষ শ্রী জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রী বিমলা প্রসাদ দাস, শ্রী হৃষিকেশ গৌরাঙ্গ দাস ও শ্রী শুভ নিতাই দাস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×