ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সপ্তাহব্যাপী পরিবেশ মেলার সমাপনী অনুষ্ঠান

পরিবেশ রক্ষায় মূল্যবোধ গড়ে তোলার আহ্বান

পরিবেশ রক্ষায় মূল্যবোধ গড়ে তোলার আহ্বান
×

আগারগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ মেলার আয়োজন করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৩:১৫ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ০৩:১৬

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত পরিবেশ মেলার সমাপনী অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁদের মতে, শুধু আইন প্রয়োগ নয়, পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা এবং দায়িত্ববোধ তৈরি করাও জরুরি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ মেলা প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ৯ জুলাই শুরু হওয়া সাত দিনব্যাপী পরিবেশ মেলা বুধবার শেষ হয়।

মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। এতে পরিবেশবিষয়ক গবেষণা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের পাশাপাশি প্রতিদিন সকালে পরিবেশ ও টেকসই উন্নয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ও পরিকল্পনায় মেলা প্রাঙ্গণে পরিবেশ সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রতিদিন বিকেলে সংগীত, লোকসংগীত, নৃত্য, আবৃত্তি, পুতুলনাচ, মূকাভিনয় ও ম্যাজিক শোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই জীবনধারার বার্তা তুলে ধরা হয়। এ ছাড়া দর্শনার্থীদের জন্য পরিবেশবিষয়ক কুইজ, পুনর্ব্যবহার (রিসাইক্লিং) কর্নার, প্লাস্টিকের বোতলের বিনিময়ে চারাগাছ বিতরণ, গাছের পরিচর্যাবিষয়ক পরামর্শ এবং শিশু-কিশোরদের জন্য বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। এ সময় পরিচালক মো. জিয়াউল হক, পরিচালক (প্রশাসন) পারভেজ চৌধুরী, পরিচালক (ঢাকা গবেষণাগার) মু. সোলায়মান হায়দার, পরিচালক (ঢাকা অঞ্চল কার্যালয়) ফেরদৌস আনোয়ার, পরিচালক (বর্জ্য ও রাসায়নিক ব্যবস্থাপনা) রাজিনারা বেগম, উপরিচালক (ঢাকা জেলা কার্যালয়) মো. ইলিয়াস মাহমুদ, উপপরিচালক সালমান চৌধুরী শাওন এবং সহকারী পরিচালক জেসমিন আক্তার, আরিফুর রহমান তনু, ফখর আহমেদ, মো. নাজমুল হোসেন, নয়ন কুমার রায় ও হা-মিম গ্রুপের পরিবেশ কর্মকর্তা সাইফুল কবির (বোরহান) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন, বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ মেলার শ্রেষ্ঠ স্টল প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
 

আরও পড়ুন

×