ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু আজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৭:৫৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসবটি উদযাপিত হবে। প্রতিবছর চান্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেব ছাড়াও বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করে যাত্রা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। সেই রথ টেনে নিয়ে যান এক মন্দির থেকে অন্য মন্দিরে।
জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের ৯ দিনব্যাপী বর্ণাঢ্য মহোৎসব আজ শুরু হচ্ছে। রাজধানীর ইসকনের স্বামীবাগ মন্দির প্রাঙ্গণে আজ সকাল ৮টায় বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বর্তমান বন্যা ও প্রাকৃতিক দুর্গোগকবলিত জনগণের দ্রুত মুক্তি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণ সহযোগে ১০৮টি অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে উৎসব শুরু হবে।
বিকেল ৩টায় রথযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররমের উত্তর পাশ, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।
- বিষয় :
- রথযাত্রা