ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রতিরোধ কমিটির সম্মেলন

মানব পাচার প্রতিরোধে স্থানীয় কমিটিকে আরও কার্যকর করার দাবি

মানব পাচার প্রতিরোধে  স্থানীয় কমিটিকে আরও কার্যকর করার দাবি
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

মানব পাচার প্রতিরোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটিগুলোকে আরও কার্যকর করতে সব পর্যায়ের কমিটির মধ্যে সমন্বয় জোরদার এবং তাদের জন্য পৃথক বাজেট বরাদ্দ নিশ্চিত করা জরুরি। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্প আয়োজিত জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার এই সম্মেলন হয়। গতকাল শুক্রবার উইনরক ইন্টারন্যাশনালের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 
সম্মেলনে স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ ও মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তিরা অংশ নেন।

সম্মেলনে বলা হয়, সম্প্রতি প্রণীত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬’ বাস্তবায়নে মাঠপর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটিগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করা প্রয়োজন। বর্তমানে এসব কমিটি জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি শনাক্ত, মামলার সমন্বয় এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সেবা দিচ্ছে। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, মানব পাচারের মতো জটিল অপরাধ কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। কার্যকর সমন্বয়, নিয়মিত কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমেই এই অপরাধ দমন করতে হবে। 
অনুষ্ঠানে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের আঞ্চলিক উপদেষ্টা লিসা গ্রেমিঙ্গার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোর জন্য বার্ষিক বাজেট বরাদ্দের প্রস্তাব দেন। 
উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের পরিচালক দীপ্তা রক্ষিত বলেন, মানব পাচারের 
সূচনা স্থানীয় পর্যায় থেকেই হয়। তাই কার্যকর প্রতিরোধে স্থানীয় কমিটিগুলোকে আরও শক্তিশালী করা জরুরি।

আরও পড়ুন

×