ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ভক্তি-প্রার্থনায় শেষ হলো উল্টো রথযাত্রা উৎসব

ভক্তি-প্রার্থনায় শেষ হলো  উল্টো রথযাত্রা উৎসব
×

উল্টো রথ টানার মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এতে অংশ নেন। রাজধানীর পল্টন থেকে তোলা ছবি। এর আগে ১৬ জুলাই রথ টানার মধ্য দিয়ে শুরু হয় ৯ দিনের এই রথ টানার উৎসব সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৮:৩৪

| প্রিন্ট সংস্করণ

ভক্তি, প্রার্থনা ও পূজার মধ্য দিয়ে গতকাল শুক্রবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শেষ হয়েছে। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথটান অনুষ্ঠিত হয়।

রথযাত্রা উপলক্ষে পদাবলি কীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, ধর্মীয় আলোচনা সভা, নাটক, বৈদিক নৃত্য, ভাগবতকথা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গত ১৬ জুলাই এবারের রথযাত্রা উৎসব শুরু হয়েছিল। ৯ দিনের মাথায় শুক্রবার অনুষ্ঠিত হলো উল্টো রথযাত্রা। 

এদিন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের ৯ দিনব্যাপী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের শেষ দিনে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগের ইসকন আশ্রম মন্দির পর্যন্ত বর্ণাঢ্য উল্টো রথের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক ভক্তিময় নিতাই স্বামী মহারাজ। 
আলোচনা সভার পর বিকেলে বরণানুষ্ঠান ও পূজার অনুষ্ঠানিকতা শেষ করা হয়। এরপর ঢাকেশ্বরী মন্দির থেকে তিনটি সুবৃহৎ ও ফোল্ডিং রথে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর প্রতিকৃতিসহ উল্টো রথযাত্রা শুরু হয়। হরিনাম সংকীর্তন এবং ঢাক, কাঁসর, ঘণ্টা ও খোল-করতালের সুর ও উলুধ্বনির মধ্যে সব বয়সের হাজার হাজার নারী-পুরুষ বর্ণাঢ্য সাজে  অংশ নেন। 
ইসকন মন্দিরে দিনব্যাপী আয়োজনে ভাগবত আলোচনা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, 
ভজন-কীর্তন এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এ ছাড়া ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধব দেবের রথযাত্রা, পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিন্ন মন্দিরেও উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।  
এদিকে চট্টগ্রামে উল্টো রথযাত্রা উৎসবেও অংশ নেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। রথযাত্রাকে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গতকাল ডিসি হিল থেকে শুরু হওয়া জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। উল্টো রথযাত্রা উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন নন্দনকানন মন্দিরের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীপাদ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী।
[এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রাম ব্যুরো ও ধামরাই (ঢাকা) প্রতিনিধি]

আরও পড়ুন

×