ইউএফটিবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মোক্তার আলী
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৭:৩৮
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলী। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. মোক্তার আলীকে ইউএফটিবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদায়ী উপাচার্যকে সঙ্গে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন।
পরিচিতি সভায় অধ্যাপক ড. মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর শিক্ষা উচ্চশিক্ষার অন্যতম চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
বিদায়ী বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করে বলেন, নতুন উপাচার্যের নেতৃত্বে ইউএফটিবি আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।
অধ্যাপক ড. মো. মোক্তার আলী একজন শিক্ষাবিদ ও গবেষক। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে বিএসসি এবং ১৯৯৫ সালে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে ২০১০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে এমবিএ এবং ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও একাডেমিক নেতৃত্বে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ড. মোক্তার আলীর নেতৃত্বে ইউএফটিবি নতুন উচ্চতায় পৌঁছাবে।