ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি, নতুন ভিসি ড. আসাদুজ্জামান

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি, নতুন ভিসি ড. আসাদুজ্জামান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ২২:৪৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ– যেটি আগে হবে, সে সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের (ঙ) নম্বর শর্ত এবং ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নাজমুল আহসানকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে তাঁর মূল কর্মস্থল খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপউপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে উপউপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

×