জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৭:৪৫ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ০৮:২৬
| প্রিন্ট সংস্করণ
বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে প্রস্তাবিত নীতিমালা ঘিরে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ রেখে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়নি।
এতে বলা হয়, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মূল লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা।
মন্ত্রণালয় জানায়, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো হবে। এ উদ্দেশ্যেই প্রস্তাবিত নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
খসড়া নীতিমালাটি এখনও চূড়ান্ত হয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি খাতের সংশ্লিষ্ট অংশীজনের মতামত ও পরামর্শ নিয়ে এটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।
মন্ত্রণালয়ের ভাষ্য, এসব শর্ত বিবেচনায় নেওয়ায় প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি প্রস্তাবিত নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে। এ ধরনের তথ্য প্রকাশ অনভিপ্রেত। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে জ্বালানি বিভাগ।
- বিষয় :
- জ্বালানি খাত
- জ্বালানি