ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা
×

ছবি: বাসস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১২:০৯

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়। সভায় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা হচ্ছে।

তিনি বলেন, ‘এতে সংসদ সচিবালয়ের সচিব থাকছেন। ইসি সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও অংশ নিয়েছে।’

এর আগে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে।

সাড়ে তিন দশক পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষমতাসীন দল বিএনপি প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এরই মধ্যে বিরোধী দল জামায়াত তাদের প্রার্থী ঘোষণা করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হয়। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। স্থানীয় সরকার ও সংসদ নির্বাচনে গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় প্রকাশ্যে।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি কর্তার দায়িত্ব পালন করেন। প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন ভবনে সিইসির কাছে জমা দিতে হয়। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত দলীয় প্রার্থীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের কার্যক্রম সিইসির কার্যালয়ে সম্পন্ন হয়। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। একাধিক প্রার্থী হলে সংসদ কক্ষে ভোট হয়। এ সময় সহায়ক কর্মকর্তারা নির্বাচনি কর্তাকে ভোট গ্রহণের কাজে সহযোগিতা করেন। সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় তফসিলে সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান ছিল। পরে ১৯৯১ সালের রাষ্ট্রপতি আইনে প্রকাশ্য ভোটের বিধান করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসহ বর্তমানে ৩৪৯ জন সংসদ সদস্য রয়েছেন। তারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

এর মধ্যে সংরক্ষিত নারী আসনসহ বিএনপির সংসদ সদস্য ২৪৭ জন এবং জামায়াতের ৭৭ জন। এ ছাড়া স্বতন্ত্র ৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিশের ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ১ জন, গণসংহতি আন্দোলনের ১ জন, গণপরিষদের ১ জন, খেলাফত মজলিশের ১ জন এবং জাগপার ১ জন সদস্য রয়েছেন।
 

আরও পড়ুন

×