ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আজও বন্ধ থাকছে অধিকাংশ কারখানা, শঙ্কিত উদ্যোক্তারা

আজও বন্ধ থাকছে অধিকাংশ কারখানা, শঙ্কিত উদ্যোক্তারা
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৯:২১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১১:১০

| প্রিন্ট সংস্করণ

দেশের অধিকাংশ ভারী শিল্পকারখানা আজ শনিবারও স্বাভাবিক উৎপাদনে যেতে পারছে না। কারখানা চালু রাখার জন্য প্রয়োজনীয় গ্যাস পাওয়া যাবে– এমন নিশ্চয়তা পাননি বলে জানিয়েছেন একাধিক শিল্প গ্রুপের মালিক। তারা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছেন। বিশেষ করে ভোগ্যপণ্যের উৎপাদন সংকট বাজারে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন তারা। 

গ্যাসের তীব্র সংকটের কারণে গত বুধবার থেকে শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন ব্যাহত হয়ে আসছে। বৃহস্পতিবার চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া, হবিগঞ্জ, নরসিংদীতে ভারী শিল্পে উৎপাদন বন্ধ হয়ে যায়। আজও এই অবস্থা অব্যাহত থাকছে।  

একাধিক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে যাতে দ্রুত উৎপাদন শুরু করা যায় সে জন্য তারা শ্রমিকদের প্রস্তুত থাকতে বলেছেন। কেউ কেউ বলেছেন, আগামীকাল রোববার পর্যন্ত পরিস্থিতি দেখে তারা শ্রমিকদের ছুটি দেওয়ার কথাও ভাবছেন।  

মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল ঘিরে তৈরি হওয়া সংকটের এখনও সুরাহা হয়নি। বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ থাকা সামিট এলএনজি টার্মিনাল শুক্রবার সন্ধ্যা থেকে আবার গ্যাস সরবরাহ শুরু করলেও এর আগেই গতকাল বিকেলে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে এক্সিলারেট এনার্জির টার্মিনাল। সামিটের সরবরাহ ধীরে ধীরে বেড়ে মধ্যরাত নাগাদ প্রায় ৫০ কোটি ঘনফুটে পৌঁছানোর আশা করছে প্রতিষ্ঠানটি। এতে গ্যাসের ঘাটতি কিছুটা কমতে পারে। কিন্তু এক্সিলারেট টার্মিনাল চালু না হলে পরিস্থিতির বড় কোনো উন্নতি হবে না। 

অতীতেও দেশে কমবেশি গ্যাস সংকট হয়েছে। তবে সম্প্রতি তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সব ক্ষেত্রে। ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি ও লবণের মতো নিত্যপণ্যের কারখানা থেকে শুরু করে তৈরি পোশাক, ইস্পাত, সিমেন্ট, রাসায়নিক, পার্টিক্যাল বোর্ড ও বস্ত্রকলের ওপর প্রভাব পড়েছে। 

গ্যাস সংকটে বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানা পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে নিত্যপণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় এর বড় প্রভাব পড়বে। এতে সংকট বাড়বে। 

গতকাল রাতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজেআই) মহাব্যবস্থাপক মুজিবুর রহমান সমকালকে বলেন, তাদের গ্রুপের ৬০ থেকে ৭০টি কারখানা রয়েছে। এসব কারখানায় ভোগ্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন ভারী পণ্য উৎপাদন হয়। এর মধ্যে ভোগ্যপণ্য খাতের সঙ্গে যুক্ত ১৫টি কারখানার বেশির ভাগই বন্ধ রয়েছে। কিছু কারখানায় দিনে মাত্র ছয় থেকে সাত ঘণ্টা উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। 

এমজেআইর অন্য শিল্প ইউনিটগুলোর অবস্থাও একই বলে জানান তিনি। তাঁর ভাষ্য, কিছু কারখানায় মেশিন চালাতে উচ্চচাপের গ্যাস প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজনীয় চাপ না থাকায় মেশিন চালানো যাচ্ছে না। তিনি বলেন, ‘এটা দেশের জন্য খুব দুশ্চিন্তার বিষয়। আমরা ধৈর্য ধরে আছি।’ তিনি মনে করেন, গ্যাস সংকটের কারণে শিল্প খাতে যে পরিস্থিতির তৈরি হয়েছে এর পুরো চিত্র গণমাধ্যমে উঠে আসছে না।  
মুজিবুর রহমান বলেন, আটা-ময়দা, তেল, চিনি, লবণসহ বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদনের কারখানা অচল হয়ে পড়ছে। উৎপাদন ব্যাহত হয়ে বাজারের চাহিদামতো পণ্য সরবরাহ করা না গেলে বড় সংকট দেখা দিতে পারে। 

টি কে গ্রুপের পরিচালক শফিউল আতহার তসলিম বলেন, গ্রুপটির ২৮ থেকে ২৯টি কারখানার মধ্যে বর্তমানে মাত্র ৫ থেকে ৭টি চালু আছে। এতদিন থেমে থেমে চললেও গত বুধবার থেকে বেশির ভাগ কারখানা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ভোজ্যতেল উৎপাদনের দুটি কারখানার মধ্যে একটি কোনোমতে চালু আছে, অন্যটি বন্ধ। স্টিল, পার্টিক্যাল বোর্ড, কেমিক্যালসহ অন্যান্য পণ্য উৎপাদনের কারখানাগুলোও পুরোপুরি বন্ধ রয়েছে। আজ শনিবার গ্যাস সরবরাহ না বাড়লে কিছু কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের ছুটি দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

সীকম গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, তাঁর কিছু কারখানায় উৎপাদন কমেছে, আবার কিছু কারখানা বন্ধ রয়েছে। তাঁর সয়াবিন বীজ ভাঙানোর কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই পরিস্থিতি সিমেন্ট কারখানাতেও।

তিনি বলেন, কারখানা বন্ধ হলে শুধু শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হন না, এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে। কারণ, শিল্পের সঙ্গে কর্মসংস্থান, সরবরাহব্যবস্থা, বাজার ও সামগ্রিক অর্থনীতি জড়িত। ভোজ্যতেল, সিমেন্ট, ইস্পাতসহ বিভিন্ন শিল্পের উৎপাদন কমলে পুরো সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।

গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে আমিরুল হক বলেন, দেশে দীর্ঘদিন নতুন গ্যাস অনুসন্ধান ও কূপ খননে গুরুত্ব দেওয়া হয়নি। স্থানীয় গ্যাসের উৎপাদন না বাড়ায় দেশ ধীরে ধীরে আমদানিনির্ভর হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, অন্তর্বর্তী সরকার তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) সিদ্ধান্ত বাতিল করায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। ওই সিদ্ধান্ত বাতিল না হলে সংকটের সময় কমিয়ে আনা যেত। অন্তর্বর্তী সরকার নবায়নযোগ্য জ্বালানি-সংক্রান্ত চুক্তিও বাতিল করেছে বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা।

পরিস্থিতির উন্নয়নে দ্রুত নতুন গ্যাস অনুসন্ধান শুরু, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানো এবং শিল্পকারখানাকে সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানির সঙ্গে যুক্ত করার পরামর্শ দেন আমিরুল হক। পাশাপাশি কয়লাকে বিকল্প জ্বালানি হিসেবে বিবেচনা এবং এলএনজি অবকাঠামোর সক্ষমতা কার্যকরভাবে ব্যবহারের কথাও বলেন তিনি।

প্রাণ-আরএফএল গ্রুপের কারখানাগুলোতে উৎপাদন বর্তমানে প্রায় ৫০ শতাংশে নেমেছে বলে জানান আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। তিনি বলেন, হবিগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে তাদের বেশির ভাগ কারখানা রয়েছে। তাদের মোট উৎপাদনের ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন হয় এসব কারখানায়। কিন্তু গ্যাস-নির্ভর পাওয়ার সিস্টেম অচল হয়ে পড়ায় কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

গ্যাস সংকটে তাদের উৎপাদন খরচ বেড়েছে উল্লেখ করে আরএন পাল বলেন, উৎপাদন সচল রাখতে বিকল্প হিসেবে ডিজেল, পল্লী বিদ্যুতের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় প্রায় দ্বিগুণ বেড়েছে। ভোগ্যপণ্যের পাশাপাশি অন্য ভারী পণ্যের উৎপাদনও কমে গেছে।  

 পোশাক খাতের কারখানাগুলোর পরিস্থিতিরও উন্নতি হয়নি। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম গত রাতে সমকালকে বলেন, কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালুর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে এখনও কারখানা বন্ধ বা ছুটি ঘোষণা করা হয়নি। আজ শনিবার উৎপাদন চালানোর মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেলে কারখানা খোলা থাকবে।

মোহাম্মদ হাতেম বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সব কারখানা বন্ধ ছিল। তবে বস্ত্রকল সাধারণত সপ্তাহের প্রতিদিনই ২৪ ঘণ্টা চালু থাকে এবং শ্রমিকরা পালাক্রমে সপ্তাহে এক দিন ছুটি ভোগ করেন। গত শুক্রবারও কিছু কারখানা খোলা ছিল, তবে বেশির ভাগ কারখানা গ্যাস সংকটের কারণে উৎপাদন কার্যক্রম চালাতে পারেনি। 
হবিগঞ্জ শিল্পাঞ্চলের সব কারখানা শতভাগ বন্ধ ছিল বলে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ সূত্রে জানা গেছে।

 

আরও পড়ুন

×