ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের
×

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে- পিএমও

 বাসস 

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন। 
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানিয়েছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। 

বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা 
সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, বৈঠকে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। আলোচনায় এই ঘাসের উপকারিতা এবং দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এর ব্যবহার নিয়ে সবাই একমত পোষণ করেন। 
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক কোন কোন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহার করা সম্ভব তা বিস্তারিত পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই ঘাস ব্যবহারের ওপর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান উপ-প্রেস সচিব। 

প্রসঙ্গত, বিন্না ঘাস বিশ্বজুড়ে ভেটিভার গ্রাস নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ভাঙন মোকাবিলায় এই ঘাসের ব্যবহার হচ্ছে। বিন্না ঘাসের লম্বা শিকড় খুব দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। প্রচণ্ড ঠান্ডা ও তীব্র গরমসহ প্রতিকূল পরিবেশেও এই ঘাস বেঁচে থাকতে পারে। 
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ। 

আরও পড়ুন

×