ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতিতে পদ সোপান সৃষ্টির দাবি

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতিতে পদ সোপান সৃষ্টির দাবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ২২:৫১

মাঠ প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়াতে ৭ম, ৮ম ও ৯ম গ্রেডে একাধিক পদ সৃষ্টির দাবি জানিয়েছে বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি। এ জন্য সুস্পষ্ট পদ সোপান (ক্যারিয়ার প্ল্যানিং) তৈরির দাবি জানিয়ে বৃহস্পতিবার দেশের আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য থেকে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ তৈরির জন্য একটি সুস্পষ্ট ক্যারিয়ার পরিকল্পনা করা প্রয়োজন। এতে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মজীবন পরিকল্পনা বিষয়ক কর্মশালা এবং জেলা প্রশাসক সম্মেলন-২০২৩-এর সিদ্ধান্তের আলোকে এ দাবি উত্থাপন করা হয়েছে। কর্মশালার সিদ্ধান্তে মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির জন্য কাঠামোগত সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছিল বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের নীতি বাস্তবায়ন, স্থানীয় সরকার কার্যক্রমে সহযোগিতা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, ভূমি ব্যবস্থাপনা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা, খাদ্যসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে দীর্ঘদিন ধরে পদোন্নতির পর্যাপ্ত সুযোগ না থাকায় অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের কর্মজীবনে স্থবিরতা তৈরি হচ্ছে।

সংগঠনটির প্রস্তাবিত পদকাঠামোয় বর্তমান পদের পর সিনিয়র সেকশন অফিসার, সেকশন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, উপ-প্রশাসনিক কর্মকর্তা এবং সহকারী/উপসহকারী প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন ধাপে পদ সৃষ্টির কথা বলা হয়েছে। এসব পদে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, পদোন্নতির সুযোগ সৃষ্টি হলে মাঠ প্রশাসনে কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে কাজের গতি বাড়বে, কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং কর্মস্পৃহা বাড়বে। এর ফলে মাঠ প্রশাসনের সার্বিক কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে।

বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জাহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপির সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মশালার প্রতিবেদন এবং জেলা প্রশাসক সম্মেলন-২০২৩-এর কার্যবিবরণীও সংযুক্ত করা হয়েছে।  

আরও পড়ুন

×