ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তিন সাংবাদিকের ওপর হামলায় এইচআরএসএস-এর নিন্দা

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি

শরীয়তপুরে তিন সাংবাদিকের ওপর হামলায় এইচআরএসএস-এর নিন্দা
×

ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ২০:০৩

শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলা ও পরে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার এক বিবৃতিতে এইচআরএসএসএ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২৫ আগস্ট শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় ডেইলি স্টারের শরীয়তপুর ও মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান রনি, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি এবং দৈনিক এদিন-এর প্রতিনিধি বরকত উল্লাহ হামলার শিকার হন। তাঁদের অভিযোগ, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লাসহ কয়েকজন তাঁদের ওপর হামলা করেন। পরে এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

এইচআরএসএস বলেছে, সাংবাদিকদের ওপর হামলা, পেশাগত কাজে বাধা, সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়া বা ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা এবং ভয়ভীতি দেখানো মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা সংগঠনের নেতা-কর্মী সাংবাদিকের কোনো সংবাদ বা প্রতিবেদনে আপত্তি থাকলে আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিকার চাইতে পারেন। এ ক্ষেত্রে প্রতিবাদলিপি দেওয়া, সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা কিংবা আইনগত প্রক্রিয়ার আশ্রয় নেওয়া যেতে পারে। কিন্তু হামলা, হুমকি, ভয়ভীতি বা জবরদস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি আশঙ্কা প্রকাশ করে বলেছে, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে সাংবাদিকদের ওপর সহিংসতা বা হুমকির ঘটনা ঘটলে শুধু ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তাই হুমকির মুখে পড়ে না, অন্য সাংবাদিকদের মধ্যেও ভয় ও আত্মনিয়ন্ত্রণের পরিবেশ তৈরি হতে পারে। এতে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার ক্ষুণ্ন হয়।

এইচআরএসএস-এর দাবিগুলোর মধ্যে রয়েছে, শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে আইনের আওতায় আনা এবং হামলার শিকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

এ ছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি ও সহিংসতার বিরুদ্ধে সরকারের শূন্য-সহনশীল নীতি গ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নেতা-কর্মীদের সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর জন্য সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে এইচআরএসএস আরও বলেছে, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে প্রতিটি ঘটনার স্বচ্ছ তদন্ত, জবাবদিহি ও কার্যকর বিচার নিশ্চিত করা জরুরি। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা শুধু একজন পেশাজীবীকে সুরক্ষা দেওয়া নয়, বরং জনগণের জানার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভকে সুরক্ষা দেওয়া।

আরও পড়ুন

×