ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ড

দেশে ফিরল ৯ বাংলাদেশির মরদেহ 

দেশে ফিরল ৯ বাংলাদেশির মরদেহ 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ২২:১৯

সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মরদেহগুলো বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় নিহতদের স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনেরা মরদেহ নিয়ে নিজ নিজ এলাকায় রওনা হন বলে বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান। 

জানা যায়, মরদেহগুলো মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। মরদেহ দেশে ফেরার খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতদের মধ্যে আত্রাই উপজেলার সাতজন হলেন গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, উদনপৈ গ্রামের ময়েনউদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং মারকাসুন্দা গ্রামের তমেজউদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল। অন্য দুজন হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিন। 

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। দুর্ঘটনার পর মৃতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হয়। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। গত মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

×