কুমিল্লায় ২ সাংবাদিকের ওপর হামলা করা যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ২২:২১
সংবাদ সংগ্রহে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৩টার দিকের সদর দক্ষিণের বিজয়পুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।
গ্রেপ্তার শাওন একই উপজেলার শ্রীমন্তপুর এলাকার সেলিম মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার সকালে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ। তিনি জানান, বুধবার দুপুরে এ ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই আসামি। থানায় মামলা হলে অভিযানে নামে ডিবি। রাত প্রায় ৩টায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আমরা তাকে গ্রেপ্তার করি। তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার, সাংবাদিক তানভীর দিপু জানান, যমুনা টেলিভিশনের কুমিল্লা অফিসের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম চৌধুরী খোকন এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফসহ আমরা সংবাদ সংগ্রহে লালমাইয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে উঠতে যাচ্ছিলাম। এ সময় সড়কের সামনে স্থানীয়দের তৈরি করা লোহার ব্যারিকেড এর মধ্যে কয়েকটি গাড়ি আটকে পড়ে। এতে করে সড়কে তীব্র যানজট দেখা দেয়। আমি যানজটের কারণ জানতে সামনে এগিয়ে যাই। পরে সড়কে লোহার ব্যারিকেডটি উপরের দিকে ধরে একটি একটি করে গাড়ি সরে যেতে সহযোগিতা করি। এরই মধ্যে স্থানীয় শাওন নামের এক যুবক এসে কেন যানজট নিরসন করছি ও মানুষকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছি এটি নিয়ে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িত হয়। এ সময় সে ক্ষিপ্ত হয়ে রড দিয়ে আমাকে ও মারুফের উপর হামলা করে। এতে আমরা আহত হই।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, রাতে আহত সাংবাদিক মারুফ বাদী হয়ে থানায় শাওন ও তার বাবার বিরুদ্ধে মামলা করে। গ্রেপ্তার শাওনকে আদালতে সোপর্দ করা হবে।
- বিষয় :
- কুমিল্লা