ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

এনসিটি-সিসিটি ইজারা বাতিল দাবি

ঢাকায় মশাল মিছিলের ঘোষণা বন্দর রক্ষা কমিটির

ঢাকায় মশাল মিছিলের ঘোষণা বন্দর রক্ষা কমিটির
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ২২:০৯

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন জোরদারের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। এ দাবিতে ঢাকায় মশাল মিছিল, আলোচনা সভা এবং চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশসহ তিনটি কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। 

আজ বৃহস্পতিবার বিকেলে কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামের সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

সভায় ৩১ আগস্ট ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। বন্দর রক্ষা ও করিডোরবিরোধী আন্দোলন এবং বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামের যৌথ উদ্যোগে এ মিছিল হবে। এছাড়া ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা

বাংলাদেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর হুমকি শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড় থেকে বন্দর অভিমুখে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। আমদানি-রপ্তানি, অর্থনীতি, কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তার সঙ্গে বন্দরের স্বার্থ সরাসরি যুক্ত। তাই, বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল দীর্ঘমেয়াদে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার আগে এর অর্থনৈতিক, কৌশলগত ও জাতীয় নিরাপত্তাজনিত প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা হওয়া প্রয়োজন। বন্দরের ওপর সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয় কিংবা ভবিষ্যতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ে। তারা এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান।

সভায় টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন এবং জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ অন্যরা বক্তব্য দেন।

আরও পড়ুন

×