ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২০

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের চার আইন কর্মকর্তা হঠাৎ পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা কর্মকর্তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা সোমবার সন্ধ্যায় সমকালকে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে বেলা ৩টার দিকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

এর আগে সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন।

এ ছাড়া গত জুনে সরকারের নেওয়া একটি সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দেন।

সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল।

আরও পড়ুন

×