ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আপিল গ্রহণের শুনানি অবকাশের পর 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আপিল গ্রহণের শুনানি অবকাশের পর 
×

আবুল কালাম আজাদ (ছবি মান উন্নয়ন: এআই)

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৪

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণযোগ্য হবে কিনা, সে বিষয়ে শুনানি অবকাশকালীন ছুটির পর অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন। 

এ সময় বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে সতর্ক করেন আদালত। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগে অবকাশকালীন ছুটি থাকবে। ছুটি শেষে আদালত খোলার চার সপ্তাহ পর আবুল কালাম আযাদের আপিলের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

আপিলে বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের রায় স্থগিতের আবেদন করেন ফরিদপুরের মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু। 

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২১ জানুয়ারি পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ওই রায় দেওয়া হয়। স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ছিল প্রথম রায়।

চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। এর আগে রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল করার শর্তে আবুল কালাম আযাদের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। পরে তিনি আত্মসমর্পণ করে আপিলের প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের আবেদন করেন।

আরও পড়ুন

×