ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চার সীমান্তে ১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা

চার সীমান্তে ১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা
×
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুরে গতকাল মঙ্গলবার ১২ জনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে পঞ্চগড়ে ঠেলে পাঠানো ছয়জনকে আটক করা হয়েছে। 

নওগাঁয় ৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা
নওগাঁর সাপাহার ও পত্নীতলা সীমান্ত দিয়ে গতকাল মঙ্গলবার সকালে সাতজনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। তবে এই চেষ্টা প্রতিহত করে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।
সকালে পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল সেই চেষ্টা প্রতিহত করে। একই সময়ে সোনাডাঙা সীমান্ত এলাকায় আরও চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি
জয়পুরহাট সীমান্তে তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।  গতকাল সকালে সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তা ঠেকিয়ে দেন। 

মা-মেয়েকে ঠেলে পাঠানোর চেষ্টা
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় নারী ও তাঁর ১০ বছরের মেয়েকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। মঙ্গলবার সকালে জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলারের কাছাকাছি ভারতীয় নাগরিক সুলতানা বেগম ও তাঁর মেয়েকে ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের শিবতলা ক্যাম্পের সদস্যরা মারধর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়।

পঞ্চগড়ে ৬ জন আটক
গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্ক-সংলগ্ন শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে ছয়জনকে আটক করা হয়েছে। এদিকে ভারতে অনুপ্রবেশের সময় তেঁতুলিয়া সীমান্তে চারজনকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তিদের বরাতে পুলিশ জানায়, তারা সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে দালাল চক্রের মাধ্যমে জনপ্রতি ১৫ হাজার টাকায় ভারতে যান। কাশ্মীরের শ্রীনগর এলাকায় ফলের বাগানসহ বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। বিএসএফ গতকাল ভোরে পঞ্চগড়ের সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশ। কোন সীমান্ত দিয়ে তাদের পারাপার করা হয়েছে, তা বলতে পারছেন না তারা।
(সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্য)

আরও পড়ুন

×