ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, ১২ জনের সাজা

সাতজনকে কারাদণ্ড

বিদেশে চাকরির প্রলোভনে  প্রতারণা, ১২ জনের সাজা
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৮:৫৭

| প্রিন্ট সংস্করণ

বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ১২ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। পরে সাতজনকে কারাদণ্ড এবং পাঁচজনকে জরিমানা করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন– পটুয়াখালীর সবুজ ও সিরাজগঞ্জের শামীম। তাদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর সিরাজগঞ্জের সুজনকে এক মাস, পাবনার শাহিনকে ২১ দিন, কিশোরগঞ্জের আবুল বাসারকে ১৫ দিন এবং ভোলার হারুন ও শরীয়তপুরের সুরুজ মিয়াকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, কিশোরগঞ্জের দুর্জয়কে ১০ হাজার, রংপুরের রেজাউল করিমকে পাঁচ হাজার, কিশোরগঞ্জের কাইয়ুমকে চার হাজার, ভোলার রিয়াজকে দুই হাজার এবং একই জেলার কামরুন নাহারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের পরিপ্রেক্ষিতে চক্রটির বিষয়ে ছায়াতদন্ত শুরু করে এসআরবি-৪। তদন্তে বিদেশে কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগের তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়।
এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান গতকাল দুপুরে টেকনিক্যাল মোড় এলাকায় এক সংবাদ সম্মেলনে জানান, চক্রটির সদস্যরা বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের লিখিত পরীক্ষায় পাস করানো ও কর্মী ভিসা দেওয়ার নিশ্চয়তা দিতেন। এ জন্য প্রার্থীদের কাছ থেকে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। পরে নানা অজুহাতে সেই অর্থ আত্মসাৎ করা হতো।
তিনি জানান, বোয়েসেলের মাধ্যমে বিদেশে কর্মী নিয়োগের প্রক্রিয়া বিনা খরচে সম্পন্ন হয়। প্রার্থীর বৈধ পাসপোর্ট থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় বিদেশে চাকরির সুযোগ পাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতি শুক্র ও শনিবার বিকেটিটিসি কেন্দ্রে এ-সংক্রান্ত পরীক্ষা হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে পরীক্ষায় অংশ নিতে আসা চাকরিপ্রার্থীদের টার্গেট করত দালাল চক্রটি।
এসআরবি জানায়, বিকেটিটিসি মূলত একটি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে ২৪টি ট্রেডে বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণ ও সনদ বিদেশে চাকরির ক্ষেত্রে কাজে লাগতে পারে। তবে প্রতিষ্ঠানটি বিদেশে কর্মী পাঠায় না বা চাকরির নিশ্চয়তা দেয় না।

আরও পড়ুন

×