চাঁদা, দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ডিএমপির অপরাধ পর্যালোচনা সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ বলেছেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমি দখলবাজের পরিচয় যাই হোক বা তারা যে অবস্থানেই থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো শিথিলতা দেখানো যাবে না।
গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন। সভা সঞ্চালনা করেন যুগ্ম কমিশনার (অপরাধ) ও অতিরিক্ত দায়িত্ব যুগ্ম কমিশনার (সদরদপ্তর) ফারুক হোসেন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভার বিস্তারিত উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ঢাকার পুলিশপ্রধান বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ ক্ষেত্রে বিট পুলিশিংকে আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদার, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, সকল যুগ্ম কমিশনার, উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার ওসিসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ডিএমপি