ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

স্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

স্বামীকে ঘরে আটকে রেখে  গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ
×
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:০৭

| প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্বামীকে ঘরে আটকে রেখে এক পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর দুজনের নাম উল্লেখ করে চারজনের বিরুদ্ধে গত বুধবার রাতে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। কিশোরগঞ্জের নিকলীতে এক মাদ্রসাছাত্রীকে অপহরণ করে বাড়িতে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্র ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিষয়টি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন থানার ওসি শাহীনুর আলম। অভিযুক্ত দুজন হলেন– ফারুক হোসেন ও নয়ন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত সোমবার রাত ৯টার দিকে ফারুক হোসেন ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। পরে অপর অভিযুক্ত নয়ন ওই নারীকে টেনেহিঁচড়ে পাশের একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ফারুক ও অজ্ঞাতনামা দুজন বাইরে পাহারায় ছিলেন। পরে তারাও ওই নারীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান।
শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে তাদের পাওয়া যায়নি। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণ
কিশোরগঞ্জের নিকলীতে এক মাদ্রসাছাত্রীকে (১৭) অপহরণ করে বাড়িতে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় ছাত্রীর মা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জের নিকলী থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসাছাত্রীকে সাকিব প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ছাত্রীটি গত ৫ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার সময় সাকিব তাঁর দুই আত্মীয়ের সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যান। পরে আত্মীয়ের বাড়িতে আটকে রেখে ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে ছাত্রীটি কৌশলে পালিয়ে গিয়ে পরিবারকে ঘটনা জানায়। তার মা বাদী হয়ে গত বুধবার রাতে থানায় মামলা করেন। সাকিবকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুকে ধর্ষণচেষ্টা
পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে গত বুধবার এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার আবু বক্কর নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির মা।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। বুধবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। তাঁর মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগে আবু বক্কর ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আবু বক্কর পালিয়ে যান। কর্মস্থল থেকে বাড়ি ফিরে মেয়ে ও স্থানীয়দের মুখে ঘটনার বিবরণ শোনেন শিশুটির মা। এরপর আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন। 
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, শিশুটির মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসাছাত্র ধর্ষণের শিকার
বগুড়ার ধুনটে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার বিকেলের এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্ত হাবিল হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে।
শিশুটির বাবা জানান, বুধবার বিকেলে মাদ্রাসা ছুটির পর তাঁর ছেলে ফিরে খেয়ে খেলতে যায়। এ সময় হাবিল তাকে ঘোরানোর লোভ দেখিয়ে ভ্যানে তুলে নেয়। কিছুদূর গিয়ে তাঁর ছেলেকে ধর্ষণ করে। এ সময় তাঁর ছেলের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে হাবিল পালিয়ে যায়। তাঁর ছেলেকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি রাতে হাবিল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ হাবিলকে গ্রেপ্তার করে।
(প্রতিনিধিদের পাঠানো খবর) 

আরও পড়ুন

×