ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সংরক্ষিত শূন্য নারী আসন

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

বিএনপির মনোনয়ন  ফরম বিক্রি  শুরু আজ
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:০৯

| প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা-২৩ আসনের দলীয় মনোনয়ন ফরম আজ শুক্রবার থেকে বিক্রি করবে ক্ষমতাসীন দল বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কেনা যাবে। দলীয় মনোনয়ন ফরম পূরণ করে ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে।

গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসন থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় একটি আসন শূন্য হয়। নিয়মানুযায়ী, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের আনুপাতিক হারে দলগুলো সংরক্ষিত নারী আসন পায়। ফলে মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনটি বিএনপির ভাগের, দলটিই ঠিক করবে কে যাবেন সংসদে।
দলীয় সূত্র জানিয়েছে, যোগ্য প্রার্থী বাছাইয়ে অভিজ্ঞতা, রাজপথের ভূমিকা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার হিসাব-নিকাশ কষছেন দলটির নীতিনির্ধারকরা। এ ক্ষেত্রে বিতর্কিত কাউকে সুযোগ দেওয়া হবে না। শরিক দলকেও আসনটি ছাড় দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। 

বিএনপি নেত্রীদের মধ্যে যাদের নাম সামনে আসছে তাদের মধ্যে রয়েছেন সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, সাবেক কাউন্সিলর সুরাইয়া বেগম, ছাত্রদলের সাবেক নেত্রী অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুর নার্গিস প্রমুখ। 
বিএনপির শরিক একটি দলের শীর্ষ নেতা জানান, ক্ষমতাসীন দলের প্রতি শরিক দলগুলোর কিছু অসন্তোষ রয়েছে। সে বিবেচনায় অন্তত এ আসনটিতে জোট শরিক দলের কোনো নেত্রীকে সুযোগ দেওয়া হতে পারে। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী তানিয়া রব, জাতীয় পার্টির (জাফর) প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের মেয়ে জয়া কাজীর নামও আলোচনায় রয়েছে।

এর বাইরে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার, রিনা খানসহ সংস্কৃতি অঙ্গনের কয়েকজন তারকাও মনোনয়নের দৌড়ে আছেন।

আরও পড়ুন

×