ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

প্রকৃত অর্থে আজও স্বাধীনতা আসেনি

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় ফজলুর রহমান

প্রকৃত অর্থে আজও স্বাধীনতা আসেনি
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৮:৩১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ০৮:৩৬

| প্রিন্ট সংস্করণ

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় বিএনপিদলীয় সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, ১৯৭১ সালে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও প্রকৃত অর্থে আজও স্বাধীনতা আসেনি। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠায় সব বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সমাজের অধঃপতনের চিত্র তুলে ধরে ফজলুর রহমান বলেন, আমাদের সমাজের পাগুলো ওপরে উঠে গেছে, আর মাথাগুলো নিচে পড়ে গেছে। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞানী-গুণী মানুষের জন্ম হতো, অথচ সেই বিশ্ববিদ্যালয় আজ বৃহৎ মাদ্রাসায় পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধকালে এবং ১৫ আগস্ট-পরবর্তী সময়ে ড. নিম চন্দ্র ভৌমিকের সঙ্গে নিজের গভীর সম্পর্কের স্মৃতিচারণ করে ফজলুর রহমান বলেন, আগামী পাঁচ বছর বেঁচে থেকে তিনি দেখে যেতে চান, বাংলাদেশ বাঙালির থাকবে, নাকি স্বাধীনতাবিরোধীদের পাকিস্তানে পরিণত হবে। তিনি বলেন, বাংলা ভাষা, বাঙালি পরিচয় ও আদিবাসী সংস্কৃতি রক্ষা করা না গেলে একাত্তরের বাংলাদেশকে ধরে রাখা সম্ভব হবে না। 

স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। আলোচনায় অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংবাদিক আবু সাঈদ খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুব্রত কুমার আদিত্য, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।

অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান বলেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শুধু নামের কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে চাকরিচ্যুত হয়েছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যতটা এগিয়ে গিয়েছিল, দেশ আজ সেখান থেকে অনেক দূরে সরে গেছে। সাংবাদিক আবু সাঈদ খান দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সরকার ও সরকারি দলকে মৌলবাদ তোষণের নীতি থেকে সরে আসার আহ্বান জানান। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান উল্লেখ করে তিনি বলেন, সব মুক্তিযোদ্ধাই এ স্লোগান দিয়েছেন। সমাবেশে প্রবীণ বামপন্থি নেতা মনজুরুল আহসান খান, খালেকুজ্জামান, মুজাহিদুল ইসলাম সেলিম, শাহ আলম, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, কবি মোহন রায়হানসহ ছাত্র, যুব, নারী, শ্রমিক, কৃষক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×