ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সৌদি আরবে সৈন্য পাঠানোর সিদ্ধান্তও নিতে হবে ভেবেচিন্তে

ছায়া সংসদে হুমায়ুন কবির

সৌদি আরবে সৈন্য পাঠানোর সিদ্ধান্তও নিতে হবে ভেবেচিন্তে
×
×

এম হুমায়ুন কবির

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৮:৩৫

| প্রিন্ট সংস্করণ

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে জাতীয় স্বার্থ বিবেচনা করে। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে হওয়া এ চুক্তি মূলত দেশগুলোর নিজস্ব নিরাপত্তার স্বার্থে। মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠা ও সামগ্রিক স্বার্থ সুরক্ষার জন্য প্রয়োজনীয় কাঠামো এতে রয়েছে কিনা, তা স্পষ্ট নয়। বরং বাংলাদেশ এতে যুক্ত হলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পাল্টা একটি অক্ষশক্তি গড়ে ওঠার আশঙ্কা রয়েছে। এতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে।

গতকাল শুক্রবার রাজধানীর এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। ‘মুসলিম বিশ্বের বিদ্যমান সংকট নিরসনে মক্কা চুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারবে’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবে বাংলাদেশি সৈন্য পাঠানোর বিষয়টি বিশ্লেষণ করা প্রয়োজন। প্রয়োজনে মক্কা চুক্তিতে যুক্ত না হয়েও দ্বিপক্ষীয়ভাবে সৌদি আরবে সৈন্য পাঠানো যেতে পারে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে কোনো আবেগের বশে নয়, গভীর চিন্তাভাবনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট ক্রমেই জটিল হচ্ছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিন, কাশ্মীর, রোহিঙ্গা সংকটসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা নির্যাতন, বাস্তুচ্যুতি ও অধিকারবঞ্চনার শিকার হচ্ছেন। মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ কোন্দল, শিয়া-সুন্নি সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ওআইসি, জিসিসি ও আইএমসিটিসির মতো সংস্থাগুলোও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ অনৈক্যের সুযোগ নিয়ে ইসলামবিদ্বেষীরা ইসলামোফোবিয়া ছড়াচ্ছে। মুসলিম দেশগুলোর ঐক্য প্রতিষ্ঠা জরুরি।
কিরণ বলেন, মুসলিম বিশ্বের সংকট নিরসনে মক্কা চুক্তি কতটা কার্যকর হবে, তা দেখার বিষয়। চুক্তির প্রতি বাংলাদেশের ইতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে শ্রমবাজার সম্প্রসারণ, সৌদি বিনিয়োগ আকর্ষণ ও রোহিঙ্গা সংকট সমাধানে দেশের স্বার্থ কীভাবে সুরক্ষিত করা যায়, তা বিবেচনায় নিতে হবে।

প্রতিযোগিতায় সরকারি দল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহকে পরাজিত করে বিজয়ী হয় বিরোধী দল আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ। বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, এ কে এম মঈনুদ্দিন, ইমরুল কায়েস ও শাতিলা শারমিন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

আরও পড়ুন

×