ভালো ফল করা কলেজগুলোতে উল্লাস, মিষ্টি বিতরণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ কমলেও ফল প্রকাশের পর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের জোয়ার বয়ে যায়। ভালো ফল লাভ করা শিক্ষার্থীরা নেচেগেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। শিক্ষক-শিক্ষিকাদের মুখে তারা মিষ্টি তুলে দেন। আবার আশানুরূপ ফল না পাওয়ায় কারও কারও চোখের কোণে ছিল পানি।
প্রতিবছরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় সফলতা ধরে রেখেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। এ বছর কলেজটি থেকে ২ হাজার ৯৫৯ জন পরীক্ষায় অংশ নেন। পাসের হার ৯৯.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৩১২ জন।
বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৩২৪ জন। পাসের হার ৯৯.৮৩ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩১৬ জন, পাসের হার ৯৯.৬২ শতাংশ। এই বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন ১২ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ৩১৯ জন, পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছেন ১৭ জন।
ফল প্রকাশের পরপরই শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান। অভিভাবকরা জানান, এইচএসসিতে ভালো ফল করায় স্বপ্ন পূরণে তাদের সন্তানদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফল করা চমক হতে পারে। বছরের পর বছর ভালো ফলের ধারা বজায় রাখা এবং সাফল্যের সূচককে ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সেই কাজটি করছে মাইলস্টোন কলেজ।
নটর ডেমে পাসের হার ও জিপিএ কমেছে
নটর ডেম কলেজে এবার পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরে পাসের হার ছিল ৯৯ দশমিক ৬ শতাংশ। কলেজের বাণিজ্য শাখার একজন শিক্ষক জানান, এবার মোট ৩ হাজার ২৫৬ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩ হাজার ২১৮ জন পাস করেছেন এবং ২ হাজার ২২৯ জন জিপিএ ৫ পেয়েছেন।
২০২৫ সালের এইচএসসিতে ভালো সাফল্য পেয়েছিল নটর ডেম কলেজ। ওই বছর কলেজটি থেকে মোট ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৩ হাজার ২২৬ জন। সর্বোচ্চ ফল জিপিএ ৫ অর্জন করেন ২ হাজার ৪৫৪ জন।
উত্তরা রাজউক মডেলে পাসের হার ৯৯ শতাংশ
রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৬৩৬ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৬২৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৮২৯ জন।
বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ১৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন
১ হাজার ১২৪ জন। এ বিভাগে জিপিএ ৫ পেয়েছেন ৬৯৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮১ জন। এ বিভাগে জিপিএ ৫ পেয়েছেন ১০৪ জন। মানবিক বিভাগে ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২১ জন। জিপিএ ৫ পেয়েছেন ২৭ জন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা ফলের তথ্য তুলে ধরে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
জিপিএ ৫ কমেছে ভিকারুননিসায়
এইচএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ও জিপিএ ৫ কমেছে। পরীক্ষায় অংশ নেওয়া ২ হাজার ৩৭৭ শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৪১৬ জন। পাসের হারও গত বছরের তুলনায় কমেছে।
প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট ২ হাজার ৩৯৬ পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৩৭৭ জন। তাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ২৩৮ জন। পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৪১৬ জন।
২০২৫ সালে প্রতিষ্ঠানটি থেকে ২ হাজার ৫১৪ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিলেন ২ হাজার ৪৩৪ জন। পাসের হার ছিল ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিলেন ৯৮৬ জন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা
বেগম বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল-কলেজে আসার আগ্রহ অনেকটাই কমে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে তাদের পড়াশোনা ও পরীক্ষার ফলে। শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষকেন্দ্রিক শিক্ষাব্যবস্থায় ফিরিয়ে আনা জরুরি। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।
কোথাও আস্থার ঘাটতি, আবার কোথাও শিক্ষার্থীদের পারিবারিক ও ব্যক্তিগত পরিবেশের প্রভাব রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
হলি ক্রসে পাসের হার কমেছে
এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকার হলি ক্রস কলেজের পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। কলেজটি থেকে জিপিএ ৫ পেয়েছেন ৮১৬ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৩০৮ জন। পাঁচজন অনুপস্থিত ছিলেন। পাস করেছেন ১ হাজার ২৯৮ জন।
বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৭৭০ জন, যাদের মধ্যে ৫৯১ জন পেয়েছেন জিপিএ ৫। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৩ জন।
মানবিক বিভাগে পাস করেছেন ২৫৫ জন, অকৃতকার্য হয়েছেন ৫ জন। এ বিভাগে জিপিএ ৫ পেয়েছেন ১০৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ২৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ২ জন। জিপিএ ৫ পেয়েছেন ১২১ জন।
গত বছর হলি ক্রস কলেজের ১ হাজার ৩০৯ জন উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন।
তাদের মধ্যে পাস করেন ১ হাজার ৩০৪ জন, অকৃতকার্য হন ২ জন, আর ৩ জন পরীক্ষায় অংশ নেননি। গত বছর জিপিএ ৫ পেয়েছিলেন মোট ৯৬০ জন।
- বিষয় :
- পরীক্ষার ফল