যুদ্ধাপরাধীদের নামে কোনো কলেজের নাম থাকছে না
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৯:১৫
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাঁচটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে একটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বাকি চারটি কলেজের নাম পরিবর্তনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
জানা গেছে, রাঙামাটির রাবেতা মডেল কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে লংগদু মডেল কলেজ। বাকি চারটি কলেজের মধ্যে হবিগঞ্জের মাধবপুরের সৈয়দ সঈদউদ্দিন কলেজের নাম পরিবর্তন করে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ, কক্সবাজারের ঈদগাহ ফরিদ আহমেদ কলেজের নাম বদলে ঈদগাহ রশিদ আহমেদ কলেজ, টাঙ্গাইলের বাশাইল এমদাদ হামিদা কলেজের নাম বদলে বাশাইল ডিগ্রি কলেজ ও গাইবান্ধার ধর্মপুর আব্দুল জব্বার কলেজের নাম বদলে ধর্মপুর ডিগ্রি কলেজ করার সিদ্ধান্ত হয়েছে।
এক বছর আগে সারাদেশে যুদ্ধাপরাধীদের নামে থাকা কলেজগুলো চিহ্নিত করার উদ্যোগ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে কলেজগুলোর নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তির নামে নামকরণ করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় পাঁচটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার হাইকোর্ট যুদ্ধাপরাধীদের নামে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের যে রায় দিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
