দেড় হাজার ছাত্রীকে সাইকেল চালানো শেখাবে ডাকসু
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৭:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দেড় হাজার ছাত্রীকে সাইকেল চালানো শেখাবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ৩০ জন নারীর একটি দল এ প্রশিক্ষণ দেবে। শনিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার।
সম্প্রতি ঢাবি ক্যাম্পাসের জো-বাইক সাইকেল সার্ভিস চালু হওয়ার পর থেকে ছাত্রীদের মধ্যে সাইকেল চালানো শেখার প্রবল আগ্রহ দেখা যায়। এ পরিপ্রেক্ষিতে সাইকেল প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ডাকসু। প্রশিক্ষণ কর্মসূচিকে সামনে রেখে গত ১৮ থেকে ২৮ অক্টোবর শিক্ষার্থীদের মধ্যে ফর্ম বিতরণ করে ডাকসু। এতে দেড় হাজার ছাত্রী নিবন্ধন করেছেন বলে জানান তিলোত্তমা সিকদার।
রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক। তবে দুপুর ১২টার আগেই প্রশিক্ষণার্থীদের প্রবেশ করতে হবে জানিয়ে তিলোত্তমা সিকদার বলেন, অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হবে। আর প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তাদের সার্টিফিকেট দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ডাকসুর পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ শাকিল, সদস্য ফরিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ডাকসু
- ঢাকা বিশ্ববিদ্যালয়
