ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

দুবাই গেলেন প্রধানমন্ত্রী

দুবাই গেলেন প্রধানমন্ত্রী
×

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী। এছাড়া কূটনৈতিক কোরের ডিন, আরব আমিরাতের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনীর তিন প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন -ফোকাস বাংলা

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ১০:২১ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ১০:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চার দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় দেশটি সফরে গেলেন তিনি। দুবাই এয়ার শো-২০১৯সহ বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট শনিবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা করে তাকে দুবাইয়ের হোটেল শাংরি-লায় নিয়ে যাওয়া হবে। দুবাই সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলেই অবস্থান করবেন। খবর বাসসের

রোববার সকালে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এরোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে দুবাইয়ের শাসক ছাড়াও আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান ও ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারওমেন শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে বৈঠক করবেন। চার দিনের সফর শেষে ১৯ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী। এছাড়া কূটনৈতিক কোরের ডিন, আরব আমিরাতের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনীর তিন প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর দুবাই সফরের সময় তিনটি স্মারক সই হবে। এগুলো হচ্ছে- দুই দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা চুক্তি, দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সহযোগিতা চুক্তি এবং দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে জমি বরাদ্দ-সংক্রান্ত প্রটোকল। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৮ নভেম্বর আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে আমিরাতে কর্মরত বাংলাদেশিদের ভোটার তালিকা প্রণয়ন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে নির্বাচন কমিশনের অনুষ্ঠান উদ্বোধন করবেন।

আরও পড়ুন

×