সেলিম প্রধানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
সেলিম প্রধান -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০২:৫৪
অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাত দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুর ১২টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনা হয়। পরে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
গত ১৩ নভেম্বর দুদকের মামলায় তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
এর আগে ১ অক্টোবর বাড়িতে হরিণের দুটি চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সেলিম প্রধানকে ছয় মাসের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব-১। পরদিন তার গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালানো হয়। অভিযানের সময় নগদ ২৯ লাখ টাকাসহ বিভিন্ন দেশের বিপুল পরিমাণ মুদ্রা, ৪০ বোতল বিদেশি মদ ও হরিণের চামড়া জব্দ করা হয়।
- বিষয় :
- সেলিম প্রধান
- অনলাইন ক্যাসিনো