ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

গ্রান্ড দুবাই এয়ারশোতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গ্রান্ড দুবাই এয়ারশোতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
×

প্রধানমন্ত্রী শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়-ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৬:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দুবাই এয়ার শো-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

রোববার সকালে দুবাইয়ের ভবিষ্যৎ বিমানবন্দরের (দুবাই আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও পরিচিত) দুবাই ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত এই শোতে তিনি যোগ দেন। খবর বাসসের।

রোববার থেকে শুরু হওয়া এই এয়ারশো শেষ হবে আগামী ব্রহস্পতিবার। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এই এয়া শোটি অনুষ্ঠিত হবে। 

এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকা বৃহত্তম এরোস্পেস ইভেন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এই এয়ারশোতে অংশ নেন।

পরে তিনি দুবাই ওয়ার্ল্ড সেন্টারে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্লাইং ডিসপ্লে উপভোগ করেন।

এ বছর সারা বিশ্বের ৮৭ হাজারের বেশি ট্রেড ভিজিটর ও ১ হাজার ৩শ’র বেশি এক্সিবিটর দুবাইয়ের ভবিষ্যৎ বিমানবন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এ উপলক্ষে সমবেত হয়েছেন। এছাড়াও এতে ১৬০টি দেশ থেকে ১৬৫টি বিমান অংশ নিচ্ছে।

এটি ২০১৭ সালে অনুষ্ঠিত এয়ারশো সাফল্যকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 

২০১৭ সালের এই শোতে ১১৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যে অর্ডার পাওয়া গিয়েছিল। এর মধ্যে ছিল এয়ারবাসের কাছে ৪৩০টি বিমানের জন্য ৪৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ইন্ডিগো পার্টনার্স অর্ডার এবং ফ্লাইদুবাইয়ের সাথে বোয়িংয়ের ২৭ বিলিয়ান মার্কিন ডলার চুক্তি।

১৯৮৯ সালে দুবাই এয়ার শোটি প্রথম প্রদর্শিত হয়। এটি এখন বেসামরিক বিমান শিল্পের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 

এখানে বিশ্বের বিমান প্রস্তুতকারক কোম্পানি তাদের প্রস্তুত করা নতুন মডেলের বিমান প্রদর্শন ও বিক্রয় করেন। পাশাপাশি, এখানে প্রাইভেট ও পাবলিক সেক্টরের কোম্পানিগুলো নতুন নতুন প্রযুক্তি, সুযোগ এবং এই শিল্পের প্রতিবন্ধকতাগুলো নিয়েও আলোচনা করতে পারেন।

আবুধাবির শাংরিল-লা হোটেলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান আয়োজিত এক নৈশভোজে প্রধানমন্ত্রী  যোগ দেবেন। প্রধানমন্ত্রী সফরকালীন সময়ে এই হোটেলেই অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী দুবাই এয়ার শো-২০১৯ ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সরকারি সফরে শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী ১৮ নভেম্বর আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের ভোটার তালিকা প্রণয়ন শুরু এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে নির্বাচন কমিশনের অনুষ্ঠান উদ্বোধন করবেন।

চারদিনের সফর শেষে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।


আরও পড়ুন

×