আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার ৬
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৬:৪৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ০৭:৫৩
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ভিসি সমর্থকদের হামলার ঘটনায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদের মধ্যে পাঁচজনকে একাডেমিকভাবে স্থায়ী ও একজনকে ২ সেমিস্টার থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূর উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
একাডেমিকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের রাফিজুল ইসলাম, নূরুদ্দিন নাহিদ, আরিফুল ইসলাম সাকিব, মো. মাজহারুল ইসলাম মিশন ও রাহাত আল হাসান।
জুলাই-ডিসেম্বর ২০১৯ ও জানুয়ারি-জুন ২০২০ এ দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইসমাইল শেখকে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ এনে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।
আন্দোলনের তৃতীয় দিনে ২১ সেপ্টেম্বর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।
কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের আদেশ অমান্য করে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার পথে ভিসি সমর্থক শিক্ষার্থী ও বহিরাগতদের হামলার শিকার হন। এতে ২০ শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আব্দুর রহিম খানকে সভাপতি ও আইন অনুষদের সাবেক ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়াকে সদস্য সচিব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন পদত্যাগী সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।
২৯ সেপ্টেম্বর ওই কমিটি রেজিস্ট্রারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে হমলার ঘটনায় কোনো স্বাক্ষ্যপ্রমাণ নেই এই মর্মে প্রতিবেদন দাখিল করে আইনের আশ্রয় নেওয়ার সুপারিশ করা হয়। কিন্তু ওই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সাবেক ভিসি পদত্যাগের পর এ ঘটনায় পুনরায় তদন্ত কমিটি গঠনের দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর পুনরায় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর গত ১৩ ও ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড সভা করে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
- বিষয় :
- বশেমুরবিপ্রবি
- বহিষ্কার
- হামলা
- গোপালগঞ্জ
