চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি ২৫ নভেম্বর
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৮:০৬
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্র দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর আগামী ২৫ নভেম্বর শুনানি হবে।
রোববার চেম্বার আদালতের বিচারপতি নুরুজ্জামান এ দিন ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদসহ অন্যানরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
এরআগে গত ১৪ নভেম্বর খালেদা জিয়ার পক্ষে আপিল বিভাগের সংশ্নিষ্ঠ শাখায় এক হাজার ৪০১ পৃষ্ঠার আপিল আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। তার আগে ৩১ জুলাই এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
কারাবন্দি খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রয়েছেন।
গত বছর ২৯ অক্টোবর ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান সোয়া তিন কোটি টাকা আত্মসাতের দায়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্র মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন।
মামলার অপর তিন আসামি হারিছ চৌধুরী (পলাতক), জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
রায়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের নামে কেনা
কাকরাইলের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়।
- বিষয় :
- খালেদা জিয়া
- চ্যারিটেবল মামলা
