পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে রাবিতে মানববন্ধন
পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা-সমকাল
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৩:২১
পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা কর্মসূচি পালন করেন।
‘কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজুমার ইউথ বাংলাদেশ (সিওয়াইবি) রাবি ইউনিটের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটে নিত্য প্রয়োজনীয় জিনিসসহ সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। দেশে পেঁয়াজের পর্যাপ্ত যোগান থাকার পরও ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধি করে জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে মধ্যসত্ত্বভোগীরা। সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাজার মনিটরিং করার আহ্বান জানানো হয়। মানববন্ধনে বক্তারা এক সপ্তাহ পেঁয়াজ বর্জনের শপথ গ্রহণ করেন।
কনজুমার ইউথ বাংলাদেশের সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি কাজী জহিরুল ইসলাম, সহ-সভাপতি আতিকুল ইসলাম তানভীর, সদস্য আবু বক্কর সিদ্দিক ও ওবায়দুল হক প্রমুখ।
- বিষয় :
- পেঁয়াজ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
